হাই কোর্টের কড়া নির্দেশ, শেষ পর্যন্ত আত্মসমর্পণ মিলন প্রধানের! নন্দীগ্রামে নতুন করে চর্চা
নন্দীগ্রামের উপনির্বাচনের সময় মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে সমর্থনের কথা ঘোষণা করেছিলেন। তার পরেই গ্রেপ্তার হন কংগ্রেস প্রার্থী মিলন প্রধান। পরে অন্তর্বর্তী জামিন পান তিনি। কিন্তু সেই জামিনের মেয়াদ শেষ হওয়ায় ফের আদালতের দ্বারস্থ হয়েছিলেন নন্দীগ্রামের এই কংগ্রেস নেতা। শেষ পর্যন্ত কলকাতা হাই কোর্টের নির্দেশ মেনে শুক্রবার হলদিয়া আদালতে আত্মসমর্পণ করলেন মিলন। তাঁর অভিযোগ, তাঁকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে।২০০৭ সালে নন্দীগ্রামে জমি অধিগ্রহণ বিরোধী আন্দোলনের সময়কার একাধিক মামলায় উপনির্বাচনের আগে গ্রেপ্তার হয়েছিলেন মিলন। খুন, খুনের চেষ্টা, বেআইনি জমায়েত এবং লুটপাটের মতো অভিযোগে নন্দীগ্রাম ও খেজুরি থানায় তাঁর বিরুদ্ধে মোট ছটি মামলা দায়ের হয়েছিল। ভোটের আগে সেই মামলাগুলিতেই তাঁকে গ্রেপ্তার করা হয়। জামিনের জন্য কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হন কংগ্রেস প্রার্থী।ভোটের আগে সব কটি মামলাতেই শর্তসাপেক্ষে অন্তর্বর্তী জামিন পান মিলন। বিচারপতি নির্দেশ দিয়েছিলেন, ২৫ নভেম্বর পর্যন্ত তাঁর জামিন বহাল থাকবে। নির্বাচনী প্রক্রিয়া শেষ হওয়ার পর তাঁকে আদালতে আত্মসমর্পণ করতে হবে। হাই কোর্টের এই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছিল রাজ্য সরকার। তবে হাই কোর্টের নির্দেশে হস্তক্ষেপ করেনি শীর্ষ আদালত। মিলনের অন্তর্বর্তী জামিন বহাল রাখার পাশাপাশি রাজ্যকে হাই কোর্টের দ্বারস্থ হওয়ার নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট।এর পরেও নির্ধারিত সময়ে আত্মসমর্পণ করেননি মিলন। শুক্রবারের আগে ফের জামিনের আবেদন নিয়ে কলকাতা হাই কোর্টে যান তিনি। বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বেঞ্চে মামলার শুনানি হয়। আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও কেন তিনি আত্মসমর্পণ করেননি, তা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন বিচারপতি। আগামী ২৭ নভেম্বরের মধ্যে তাঁকে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়। সেই নির্দেশ মেনেই শুক্রবার হলদিয়া আদালতে পৌঁছে আত্মসমর্পণ করেন মিলন প্রধান। আদালতে যাওয়ার পরেও তাঁর দাবি, মিথ্যা মামলায় তাঁকে ফাঁসানো হয়েছে।

